এফ-কমার্সের ৬ প্রতারক গ্রেফতার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ ‘Ebay Phone Store’ ব্যবহার করে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে মোবাইল ফোনসহ অন্যান্য পণ্য বিক্রির নামে গ্রাহকের সঙ্গে প্রতারণায় জড়িত সংঘবদ্ধ চক্রের চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আটক ব্যক্তিরা হলেন- মো. তুর্যাউল হোসেন তুর্য (২২), জুলহাস হোসেন ওরফে শয়ন (৩০), মনির হোসনে (২৪), রাজীব বিশ্বাস (২১), মাহফুজ বিশ্বাস ওরফে মাহফুজ (২৭) ও আব্দুল আল মুকিত কাউসার (২১)।
এটিইউ অনলাইন মনিটরিং ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান।
তিনি জানিয়েছেন, সোমবার সকালে রাজধানীর ভাটারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দু’টি ল্যাপটপ, ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রতারণার কাজে ব্যবহৃত ৩৬টি ফেসবুক পেজের তথ্য পাওয়া গেছে।
তিনি আরো জানান, আটক ব্যক্তিরা ফেসবুকে বিভিন্ন নামে পেজ খুলে দামি মোবাইল অল্প দামে বিক্রির বিজ্ঞাপন দিতো। সাধারণ জনগণ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে প্রতারক চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে প্রথমে ৫০০ টাকা বুকিং মানি হিসেবে দেওয়ার জন্য বলা হতো। পরবর্তীতে, প্রতারকচক্রের সদস্যরা ফোন আনলকসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে আরও টাকা আদায় করতো। পরে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতো। কিছু কিছু ক্ষেত্রে তারা তাদের ফেসবুক পেজগুলো কিছুদিনের জন্য বন্ধ রাখতো এবং অন্য নামে নতুন ফেসবুক পেজ খুলে প্রতারণা অব্যাহত রাখতো।







